ঢাকায় দিনের বেলায়ও কুয়াশা পড়ার আভাস
ঢাকায় দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবারও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের বেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
এদিন ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

