মোসাদের পরিকল্পনা ব্যর্থ করার দাবি ইরানের, বিপুল অস্ত্র উদ্ধার
ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বড় ধরনের পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানে সহিংস হামলার উদ্দেশ্যে পাঠানোর আগেই প্রায় ৬০ হাজার অস্ত্র জব্দ করা হয়েছে এবং মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া হয়েছে।
তেহরানভিত্তিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্রটি প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, শুরুতে শান্তিপূর্ণ থাকা আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদদপুষ্ট সহিংসতায় রূপ নেয়।
ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কমান্ড (ফারাজা) এক বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে পরিচালিত অভিযানে দাঙ্গাকারীদের কাছ থেকে প্রায় ৬০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তেহরানে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানানো হয়। অভিযানের সময় অন্তত দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো একটি ‘বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ শনাক্ত করে তাদের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের মতে, এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল হত্যাকাণ্ড চালানো এবং বিক্ষোভকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ দেওয়া।
তেহরানভিত্তিক আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে উন্নত নগর যুদ্ধ কৌশলে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। সাম্প্রতিক অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

