ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৬-০১-১১ ০০:৪১:৫৭

বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ অংশগ্রহণ এবং ম্যাচ ভেন্যু সংক্রান্ত সংকট নিরসনে আগামীকাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে সেখানে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিসিবি কয়েক দফা চিঠি পাঠিয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হবে নাকি ভারতেই হবেএই সিদ্ধান্ত জয় শাহ ও বিসিসিআই কর্মকর্তাদের বৈঠকের পর স্পষ্ট হতে পারে। যেহেতু এটি একটি বৈশ্বিক টুর্নামেন্ট, তাই ম্যাচ ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির ওপরই নির্ভর করছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এই বৈঠকটি সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয়ক ছিল। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না (টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে)।”

বিসিবির এই অবস্থানের পেছনে রয়েছে বিসিসিআইয়ের একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। ভারতের উগ্রপন্থী হিন্দুত্বাবাদীদের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে লাগাতার হুমকির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।

এরপর বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয়। বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেন, “আইসিসি, ফিফাতারা বৈশ্বিক সংগঠন। আমরা তাদের শুধু কারণগুলো বোঝানোর চেষ্টা করবো। যখন চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল, ভারত পাকিস্তানে যায়নি। পাকিস্তানও গত কয়েকটি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। আমরাও আশা করছি একটা সঠিক উত্তর (আইসিসির কাছ থেকে) পাবো।”

সূত্র: ইত্তেফাক