ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-০৬-১১ ০৯:৫৭:১৮

যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে করে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছে আটকে দেওয়া হয়। ফলে সাময়িকভাবে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে নন্দনগাছী রেলস্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো লোকাল বা আন্তঃনগর ট্রেন এখানে যাত্রাবিরতি দেয় না। স্টেশনের প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেক সময় ট্রেনগুলো কেবলমাত্র লাইন ক্রসিংয়ের জন্য দাঁড়ায়, কিন্তু যাত্রী উঠানামার সুযোগ নেই।
তাদের দাবি, সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনগুলো যেন নন্দনগাছীতে যাত্রাবিরতি দেয় এবং স্টেশনটি আধুনিকায়ন ও সংস্কার করা হয়।
এ বিষয়ে পাকশী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “তিন ঘণ্টা রেলপথ অবরোধের পর তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।”